প্রস্রাব করতে গিয়ে জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের চাপ, অল্প অল্প প্রস্রাব হওয়া – এগুলো মূত্রনালির সংক্রমণ বা UTI এর পরিচিত লক্ষণ হতে পারে। তবে সব ক্ষেত্রেই কারণ UTI নয়, অন্যান্য কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে।

আর উক্ত সমস্যা সমাধানে প্রাথমিকভাবে অনুসরণযোগ্য কিছু টিপস নিম্নে দেওয়া হলো :-

১. পর্যাপ্ত পানি পান করুন – মূত্রনালির সমস্যায় সবচেয়ে সহজ ও কার্যকর প্রাকৃতিক সহায়তা হলো পানি। পর্যাপ্ত পানি প্রস্রাবকে পাতলা রাখতে এবং মূত্রনালি দিয়ে ব্যাকটেরিয়া বের হতে সহায়তা করতে পারে। পানি এ ক্ষেত্রে সবচেয়ে ভালো পানীয়।

২. প্রস্রাব চেপে রাখবেন না – প্রস্রাবের চাপ এলে দীর্ঘ সময় আটকে না রেখে ব্লাডার খালি করুন। প্রস্রাবের সময় তাড়াহুড়া না করে যতটা সম্ভব সম্পূর্ণভাবে ব্লাডার খালি করার অভ্যাস করুন।

৩. কয়েকদিন চা-কফি ও উত্তেজক পানীয় কমিয়ে দিন – কফি, অতিরিক্ত চা, অ্যালকোহল এবং কিছু ফলের জুস ব্লাডারকে আরও সংবেদনশীল করে জ্বালাপোড়া বা ঘন ঘন প্রস্রাবের অনুভূতি বাড়াতে পারে। উপসর্গ থাকা অবস্থায় এগুলো এড়িয়ে চলা ভালো।

৪. বিশ্রাম ও পরিচ্ছন্নতার দিকে নজর দিন – শরীরকে বিশ্রাম দিন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। অতিরিক্ত সুগন্ধিযুক্ত বা জ্বালাপোড়া সৃষ্টি করে এমন ইন্টিমেট ওয়াশ/কেমিক্যাল ব্যবহার না করাই ভালো।

৫. এছাড়া ডাবের পানি, যবের পানি, ধনিয়া ভেজানো পানি মূত্র সমস্যার ঘরোয়া সমাধান হিসাবে প্রাচীনকাল হতেই উপকারী বলে বিবেচিত।

কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
প্রস্রাবে জ্বালাপোড়ার সঙ্গে জ্বর বা কাঁপুনি, কোমর/পিঠের এক পাশে ব্যথা, বমি, প্রস্রাবে রক্ত দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এছাড়া গর্ভাবস্থা, পুরুষের মূত্রের সংক্রমণ, ডায়াবেটিস বা কিডনির সমস্যা থাকলে কিংবা উপসর্গ বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।